সোনারগাঁয়ে পুলিশের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক-
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিবুল্লাহ।
বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে আটটার দিকে উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মোঃ ফারুক (৩৬) নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী গ্রামের মানিক মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিবুল্লাহ’র নেতৃত্বে তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল হক, এসআই সেলিম, এসআই আরিফ ও এসআই পারভেজের সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম মহজমপুর গ্রামে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মোতালেব মিয়ার বাড়ির সামনে পাকা রাস্তা থেকে ফারুককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।