সোনারগাঁয়ে ‘শীর্ষ সন্ত্রাসী’ সাকিবকে কুপিয়ে গুরুতর জখম, আইসিইউতে চিকিৎসাধীন
নিজস্ব প্রতিবেদক-
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আলোচিত কুখ্যাত ডাকাত ও শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত সাকিব প্রতিপক্ষ সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (রাত আনুমানিক ১২টা) উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলের গাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশের প্রাথমিক ধারণা, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে মঙ্গলের গাঁও এলাকায় সাকিব ও তার সহযোগীরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় প্রতিপক্ষ সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে সাকিবকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়। হামলায় তার দুই পায়ের রগ কেটে দেওয়া হয়েছে এবং গোড়ালিতে গুরুতর জখমের চিহ্ন দেখা গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, সাকিবের হাত ও পায়ে ধারালো অস্ত্রের একাধিক গুরুতর আঘাত রয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক, পরবর্তী ৭২ ঘণ্টা না গেলে কিছু বলা যাচ্ছে না। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।