
সোনারগাঁয়ে জোরপূর্বক জমি দখল ও জমির মালিককে প্রাণনাশের হুমকির অভিযোগ
নিজস্ব প্রতিবেদক-
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় কৃষি জমি জোরপূর্বক দখলের চেষ্টা এবং বাধা দেওয়ায় প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো.সিরাজুল ইসলাম সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, ১৯৮৮ সালে তার নামে বৈধভাবে সম্পত্তি ক্রয় করা হয়। তবে দীর্ঘদিন ধরে একই এলাকার ভেন্ডার শহীদ সরকার ওই সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছেন বলে অভিযোগ করেন তিনি।
লিখিত অভিযোগে আরও বলা হয়, গত ৪ জুলাই সকাল আনুমানিক ৮টার দিকে অভিযুক্ত ব্যক্তি কয়েকজন লোক নিয়ে ওই জমিতে আইল নির্মাণের মাধ্যমে দখলের চেষ্টা করেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে অভিযুক্তরা তাকে গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দেন। এমনকি পুনরায় বাধা দিলে তাকে হত্যা করে গুম করারও হুমকি দেওয়া হয়।
এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সোনারগাঁ থানার অফিসার ইনচার্জের কাছে আবেদন জানিয়েছেন ভুক্তভোগী।
এ বিষয়ে সোনারগাঁ থানার পক্ষ থেকে অভিযোগের তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।