
সোনারগাঁয়ে ফ্যামিলি কার্ড ও ভাতার প্রলোভনে অর্থ আদায়ের অভিযোগ, দুই নব্য বিএনপি নেত্রীকে ঘিরে চাঞ্চল্য
নিজস্ব প্রতিবেদক-
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের কোনাবাড়ি ও হলদাবাড়ি গ্রামে ফ্যামিলি কার্ড, বয়স্ক ভাতা ও প্রতিবন্ধী ভাতার কার্ড পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে দরিদ্র ও অসহায় মানুষের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে দুই নব্য বিএনপি নেত্রীর বিরুদ্ধে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্টের পর সাদিপুর ইউনিয়নে তাজু মেম্বারের মেয়ে রাবিয়া ও আব্দুস সামাদের স্ত্রী নিলুফা নিজেদের রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। অভিযোগ রয়েছে, এ সুযোগকে কাজে লাগিয়ে তারা কোনাবাড়ি ও হলদাবাড়ি গ্রামের অন্তত ১৫ থেকে ২০ জন নারী-পুরুষের কাছ থেকে জনপ্রতি ১ হাজার ২০০ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত আদায় করেন।
ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘ সময় অতিবাহিত হলেও প্রতিশ্রুতি অনুযায়ী কেউই ফ্যামিলি কার্ড, বয়স্ক ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতার কার্ড পাননি। একাধিকবার যোগাযোগ করেও তারা কোনো সন্তোষজনক জবাব পাননি। ফলে প্রতারণার শিকার হয়েছেন বলে দাবি করছেন তারা।
ভুক্তভোগীরা আরও জানান, সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার আশায় অনেকেই ধার-দেনা করে টাকা দিয়েছেন। কিন্তু নির্ধারিত সময় পার হলেও কোনো ধরনের সরকারি সুবিধা না পাওয়ায় তারা হতাশ ও ক্ষুব্ধ। এ ঘটনায় তারা সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান।
এ বিষয়ে অভিযুক্ত রাবিয়া ও নিলুফা অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। তারা কারও কাছ থেকে কোনো ধরনের অর্থ নেননি এবং অভিযোগের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন।
এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ভুক্তভোগীরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।